দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৯, গুরুতর শিশু

কলকাতার বেলেঘাটা মেন রোডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একটি শিশু। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলেঘাটা মেন রোড ধরে তীব্র গতিতে ধর্মতলা থেকে একটি সরকারি বাস ধামাখালির দিকে যাচ্ছিল। এ সময় বেলেঘাটা রাসমণি বাজারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ৪৪/১ রুটের একটি বেসরকারি বাসকে মুখোমুখি ধাক্কা মারে সরকারি বাসটি। প্রবল ধাক্কায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে বেলেঘাটা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সরকারি বাসটি দ্রুতগতিতে চলছিল। এছাড়াও, বেলেঘাটা মেন রোডের মতো সংকীর্ণ অথচ জনবহুল রাস্তায় বাস-সহ অন্যান্য যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।