বিরল বাদামি ভালুকের খোঁজ মিলল ভারতেই? জেনেনিন কোথায়?

সিকিমের উত্তর অংশের সো লামো ও মুগুথাং মালভূমিতে বিরল প্রজাতির তিব্বতি বাদামি ভালুকের দেখা মিলেছে। এই ভালুক মূলত পশ্চিম হিমালয়ের প্রাণী। সিকিমে এই প্রথম এই ধরনের ভালুকের দেখা মিলল।

পশুপালক ডুকপাদের ক্যাম্পে রাতের বেলা চিনি ও তেল চুরি করছিল এই ভালুকটি। পশুপালকেরা বুঝতে পেরেছিলেন যে এই নির্জন প্রান্তে তাঁদের সামান্য খাবারের দিকে নজর দিচ্ছে কেউ। তাঁরা খবর দেন স্থানীয় প্রশাসনকে।

বন দপ্তর ও ডব্লিউডব্লিউএফের পক্ষ থেকে ক্যাম্পগুলিতে ট্র্যাপ ক্যামেরা পাতা হয়। সেখানেই বিরাট মাপের ওই ভালুকের ছবি ধরা পড়ে। ছবি দেখে উচ্ছ্বসিত বন দপ্তর। তাঁদের দাবি, সিকিমের জীববৈচিত্র যে কতটা সমৃদ্ধ এই ঘটনা তার প্রমাণ।

ডব্লিউডব্লিউএফের পূর্ব হিমালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর ঘোষ বলেন, ‘বাদামি রঙের ভালুক মূলত পশ্চিম হিমালয়ের প্রাণী। লাদাখ এলাকায় অনেকেই দেখতে পান। তবে সিকিমে এই প্রথম রেকর্ড হলো। সেদিক থেকে বিচার করলে এটা বেশ ভালো একটা ঘটনা।’

হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ‘ইয়েতি বলে কিছু নেই। সেটা এডমন্ড হিলারির গোটা হিমালয় চষে ফেলার সময়েই স্পষ্ট হয়েছে। তবে সিকিমে বাদামি রঙের ভালুকের দেখা মেলাটা অবশ্যই একটা উৎসাহব্যঞ্জক ঘটনা।’

তিব্বতি বাদামি ভালুকের দেখা মিলেছে সিকিমে। এই ঘটনা সিকিমের জীববৈচিত্রের সমৃদ্ধির প্রমাণ।