স্ত্রী রান্না করতে জানে না বলা নিষ্ঠুরতা নয়: বম্বে হাইকোর্ট

মুম্বইয়ের এক মহিলা তার স্বামীর দুই ভাইয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিলেন। অভিযোগ ছিল, তারা তাকে রান্না না জানার জন্য কটূক্তি ও অপমান করত। বম্বে হাইকোর্ট এই মামলার শুনানি শেষে মামলাটি বাতিল করে দিয়েছে। আদালত বলেছে, রান্না না জানার অভিযোগ নিষ্ঠুরতা নয়।
ঘটনাটি ২০২০ সালের। মুম্বইয়ের এক যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর স্ত্রীর রান্না না জানাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। ২০২০ সালের নভেম্বর মাসে শ্বশুরবাড়ি থেকে মহিলাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর মহিলা তার স্বামীর দুই ভাইয়ের বিরুদ্ধে ভিলাওয়াড়ি থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, রান্না না জানার জন্য অভিযুক্তরা তাকে প্রায় অপমান ও কটূক্তি করতেন। রান্নার ব্যাপারে তার বাবা-মা কিছু শেখাননি অভিযোগ তুলে বিদ্রুপ করত।
মহিলার অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত হয়। সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে একটি চার্জশিট গঠন করা হয়।
চার্জশিটকে চ্যালেঞ্জ করে স্বামী দুই ভাই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। গত ৪ জানুয়ারি এফআইআর বাতিলের আবেদন নিয়ে আদালতে শুনানি হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি বাতিল করে দেয়।
আদালত বলেছে, ছোটখাটো ঝগড়া বা নিষ্ঠুরতা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারা অন্তর্ভুক্ত করা যায় না। সেই সঙ্গে বউ রান্না করতে জানে না, এমন অভিযোগ নিষ্ঠুরতা নয়।
কেরালা হাইকোর্টেও একই ধরনের একটি মামলা খারিজ করা হয়েছিল। গত বছর স্ত্রীর বিরুদ্ধে রান্না না জানা সহ একাধিক অভিযোগে বিবাহ বিচ্ছেদের দাবি করেছিলেন এক ব্যক্তি। কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছিল।
আদালত বলেছিল, স্ত্রীর রান্না না জানা কোনও অপরাধ নয়। এটাকে কখনই নিষ্ঠুরতা বলে গণ্য করা যায় না।