‘জিনা হারাম করে দেব’, বোদরায় প্রতিবাদ সভায় সওকত মোল্লার কড়া ভাষা

ভাঙড়ে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ এলাকায় এবং শুক্রবার ভাঙড়ের খড়গাছি এলাকায় এই দুই ঘটনা ঘটে।
শনিবারের ঘটনায় আইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে তৃণমূল। তবে আইএসএফ এই অভিযোগ অস্বীকার করে। শুক্রবারের ঘটনায় চার জন তৃণমূল কর্মী আহত হন। তাঁদেরকে কলকাতায় রেফার করা হয়।
এই দুই ঘটনার প্রেক্ষিতে রবিবার ভাঙড়ের বোদরায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।
সভায় সওকত মোল্লা বলেন, “প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে, শুধু তাই নয়, বোদরার মাটিতে জিনা হারাম করে দেব ওদের, দ্বায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।”
সওকত মোল্লার এই মন্তব্যের প্রেক্ষিতে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, “রাজনীতি করতে এসে খুনখুনি কেন করতে হবে? মানুষের যাঁকে পছন্দ তাঁকেই বেছে নেবে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট হলে ভাঙড়ে মাটিতে তৃণমূল বলে কিছু থাকবে না। রক্তারক্তি না হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না। তাই আগে থেকে ভয় পেয়ে সওকত মোল্লা এসব বলছেন।”
এক বিজেপি নেতা বলেন, “মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে অত্যাচার চালানো হচ্ছে। নিরপেক্ষভাবে ভোট হলে তৃণমূল একটি ভোটও পাবে না।”