স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তৃণমূল ঘনিষ্ঠদের আমন্ত্রণে বিতর্ক

শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অনুষ্ঠানে একাধিক সরকারি পদস্থদের আমন্ত্রণ জানানো হলেও বিধায়ক শঙ্কর ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “এই অনুষ্ঠানে বেছে বেছে তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ, শহরের বিধায়ককে আমন্ত্রণ করা হল না। এটা লজ্জার ব্যাপার। একটি স্কুলের অনুষ্ঠানকে ঘিরে এরকম রাজনীতি করাটা খুবই নক্কারজনক।”
যদিও বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানিয়েছেন, প্রাক্তনীদের অনুষ্ঠানে আলাদা করে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। যাঁরা অনলাইনে নাম নথিভুক্ত করেছেন তাঁরাই এসেছেন। এর ভেতরে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই বলেই দাবি করেন তিনি।
তবে পালটা শঙ্করের কথায়, এই স্কুলে এরকম অনুষ্ঠান হচ্ছে আগে জানতাম না। তবে গৌতম দেব অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে রয়েছেন, তাঁরা যাঁকে প্রয়োজন মনে করেছেন, তাঁকেই ডেকেছেন।
দু’দিন ব্যাপী স্কুলের এই অনুষ্ঠানে প্রথম দিন অর্থাৎ ১৩ জানুয়ারি একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন সকাল ৮ টায় স্কুল থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। এই প্রভাত ফেরিতে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অংশ নেয়। এছাড়াও স্কুলে প্রদর্শনীর পাশাপাশি ‘আনন্দ আহার’ এর আয়োজনও করা হয়েছিল। আনন্দ আহারে স্কুলের প্রাক্তনীরা সকলে মিলে মিড ডে মিল গ্রহণ করেন। এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরের দিন ১৪ জানুয়ারি বিকেলে গানের অনুষ্ঠান করবেন জয়তী চক্রবর্তী, অঞ্জন দত্ত মতো বিখ্যাত গায়করা।