‘প্রতারকের ফাঁদে পা দেবেন না!’ জেনেনিন কী ভাবে নিয়োগ হয় মেট্রোতে? ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

সাম্প্রতিককালে মেট্রোতে চাকরির প্রলোভন দিয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠছে। এই অভিযোগের ভিত্তিতে মানুষকে সচেতন করতে তৎপর হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ইদানিং কালে আমার কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে কলকাতা মেট্রো রেলওয়ে, বা কলকাতা মেট্রো রেল সংক্রান্ত অনেক বিজ্ঞপ্তি বেরোচ্ছে, নাকি চাকরিও হচ্ছে। এটি সম্পূর্ণরূপে ভুয়ো মিথ্যা এবং প্রতারণার জাল। দয়া করে এই প্রতারণার জালে পা দেবেন না।”

কৌশিক মিত্র আরও বলেন, “কলকাতা মেট্রো রেল ভারতীয় রেলেরই একটি অংশ, এর নিয়োগও আরআরবি বা আআরসি-র মাধ্যমেই হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপে কোনওদিন চাকরি হয় না। আপনারা দয়া করে এই প্রতারণার পাঁদে পা দেবেন না। কোনও সোশ্যাল মিডিয়া, কোনও মাধ্যম দিয়ে পরীক্ষা হয় না। পরীক্ষা হয় লিখিত, এবং সেটা আরআরবি দ্বারা পরিচালিত ও আরআরসি-র মাধ্যমে হয়। তারপর ভাইভা হয়। নিয়োগের একটা পদ্ধতি থাকে।”

কৌশিক মিত্র জানান, মেট্রো তথা রেলের নিয়োগের আগে বিভিন্ন পত্র-পত্রিকায় বড় করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সবাই জানতে পারেন। লুকিয়ে চুরিয়ে কোনওদিন রেলওয়ে কোনও নিয়োগ করে না।

মেট্রো রেল কর্তৃপক্ষের এই সতর্কবার্তায় প্রতারণার শিকার হতে পারে এমন মানুষদের সতর্ক হওয়া উচিত। কোনও প্রলোভনে পা না দিয়ে সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি সরকারি ওয়েবসাইট বা পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আবেদন করা উচিত।