প্রেমের বিয়েতে আপত্তি, মেয়ে-জামাই-নাতনিকে গুলি করে খুন করল বাবা-ছেলে

ভাগলপুরের নবগাছিয়ার গোপালপুর থানা এলাকার নবতলিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রেম করে বিয়ে করায় মেয়ে, জামাই ও নাতনিকে গুলি করে খুন করেছে মেয়ের বাবা ও তার ভাই। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নবতলিয়ার পাপ্পু সিংয়ের মেয়ে ছন্দা কুমারী একই গ্রামের চন্দন কুমারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দুজনের পরিবারের কেউই এই সম্পর্কে রাজি ছিল না। কিন্তু ছন্দা ও চন্দন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেন। বিয়ের কয়েক বছর পর তাদের ঘর আলো করে আসে এক কন্য়া সন্তান।
মঙ্গলবার সন্ধ্যায় চন্দন, ছন্দা ও তাদের দেড় বছরের মেয়েকে নিয়ে গ্রামের পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। তখনই বাবা পাপ্পু সিং ও তার ছেলে ধীরজ তাদের পথরোধ করে। পাপ্পু সিং লোহার রড দিয়ে ছন্দার মাথায় আঘাত করে। এরপর ধীরজ তার বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে ছন্দা, চন্দন ও তাদের মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পরিবারের সম্মান রক্ষার্থেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের একটি দল। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে অভিযুক্তদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।