‘দ্রুত মসজিদ খালি করুন, নয়তো রক্তগঙ্গা বইবে!’ চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা

কর্নাটকের প্রাক্তন মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার মসজিদ খালি করার হুমকিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেলাগাভিতে একটি হিন্দু শ্রমিক সংগঠনের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “যেসব এলাকায় মন্দির নির্মাণ করা হয়েছে সেসব এলাকায় মুসলিমদের স্বেচ্ছায় মসজিদ খালি করতে হবে। অন্যথায় কতজন নিহত হবে এবং কী ঘটবে আমরা জানি না।”
ঈশ্বরাপ্পার এই মন্তব্যে মুসলিম সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে। কর্নাটক মুসলিম ফোরামের সভাপতি আব্দুল লতিফ বলেন, “ঈশ্বরাপ্পার এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
কর্নাটক মুসলিম সমাজ সংগঠনের সভাপতি ইব্রাহিম খান বলেন, “ঈশ্বরাপ্পা তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা তাকে বিক্ষোভের মাধ্যমে চাপ দেব।”
ঈশ্বরাপ্পা এর আগেও একাধিকবার সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। গত বছর ডিসেম্বরে তিনি বলেছিলেন, দেশে মন্দির ধ্বংস করে তৈরি হওয়া একটা মসজিদকেও ছাড় দেওয়া হবে না।
ঈশ্বরাপ্পার এই মন্তব্যের প্রেক্ষিতে কর্নাটক সরকারের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।