বড়োদিনে বড়ো উদ্যোগ, ১০০০ এরও বেশি কয়েদিকে মুক্তি দিল শ্রীলংকা

বড়দিন উপলক্ষে শ্রীলংকার কারাগার থেকে ১০০৪ জন কয়েদিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। কলম্বোর প্রধান কারাগারের প্রিজন কমিশনার গামিনি দিশানায়েকে সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিশানায়েকে বলেছেন, বিভিন্ন অপরাধে এই কয়েদিদের কারাবাস এবং জরিমানা উভয় দণ্ড দণ্ডিত করা হয়েছিল। তারা কারাবাসের মেয়াদ পূর্ণ করলেও জরিমানার অর্থ পরিশোধ করতে পারছিলেন না। চলতি বছরের ভেসাক উৎসবের সময়েও ১ হাজারের বেশি কয়েদিকে কারামুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলংকার প্রধান ধর্মীয় উৎসবের নাম বুদ্ধ জয়ন্তি বা ভেসাক, বাংলা ভাষায় যেটি বুদ্ধ পূর্নিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই দিনে এই ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বিশ্বে জন্মেছিলেন, বোধিপ্রাপ্ত হয়েছিলেন এবং পরলোক গমন করেছিলেন।

এদিকে সম্প্রতি দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করেছে শ্রীলংকার পুলিশ ও সেনার যৌথ বাহিনী। এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মাদকাসক্তি, মাদক ব্যবসা পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ হাজার ৬৬৬ জন মানুষকে গ্রেফতারও করা হয়েছে। বড় দিন উপলক্ষে আপাতত স্থগিত করা হয়েছে সেই অভিযান।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের মতো শ্রীলংকার কারাগারগুলোতেও ধারণক্ষমতার তুলনায় কয়েদির সংখ্যা অনেক বেশি। রাজধানী কলম্বোর কারাগারের ধারণক্ষমতা ১১ হাজার। তবে বর্তমানে সেখানে রয়েছেন অন্তত ৩৩ হাজার বন্দি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *