মুম্বাইয়ে ভবনধসে মৃত বেড়ে ১৯, আহত ৬ জন

বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ভবন ধসে মৃত বেড়ে ১৯ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল দল।

এর আগে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কুর্লার নায়েক নগর সোসাইটির একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জানায়, ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নেয়াদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য বৈঠক ডাকা হয়েছে।

প্রাক্তন স্থানীয় কর্পোরেটর প্রবীনা মোরাজকার বলেন, ভবনের মালিক কে এখনো তা জানা যায়নি। ভবনের বাসিন্দাদের এবং এলাকার অন্য তিনজনকে ভবনটি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে যারা ভাড়ায় থাকছিলেন তারা চলে যাননি।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ধসে পড়া ভবনটি জরাজীর্ণ ছিল। ২০১৩ সাল থেকে প্রথমে মেরামত, পরে ভবনটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল।

ঘটনাস্থলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভবনের অবশিষ্টাংশগুলোতে ছাপিয়ে বেড়াচ্ছেন। ধ্বংসাবশেষের নিচে অন্তত চারজনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধসের সময় ভবনটিতে অন্তত ২১ জন ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *