“লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ থামবে না”

প্রায় দু’বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তার লক্ষ্যে সফল হলে তবেই যুদ্ধ থামাবে। যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সমেম্মলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রতি বছরই ডিসেম্বরে সমসায়িক বিষয় নিয়ে বার্ষিক সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট। তবে গত বছর সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছিল। এ বছর ফের সংবাদ সম্মেলন করেছেন পুতিন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ বারের সংবাদ সম্মেলনের বিষয় ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সেনাকর্মী ও তাদের পরিবারকে পারিশ্রমিক দেওয়া এবং রুশ অর্থনীতি। এই সংবাদ সম্মেলনে টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়ে পুতিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন সেনাকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিকেরা।

প্রশ্ন-উত্তরে পুতিন বলেন, ইউক্রেনে শান্তি তখনই ফিরবে যখন ইউক্রেন মেনে নেবে যে তারা পশ্চিমি সামরিক জোট ন্যাটোর অন্তর্ভূক্ত হবে না। এছাড়াও, ইউক্রেনে নব্য-নাৎসি প্রভাব কমানো নিয়েও বলেন তিনি।

পুতিনের বক্তব্য, তাদের দাবি ইউক্রেন মেনে নিলে তবেই সে দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ হবে।

তিনি জানান, ইউক্রেনে এই মুহূর্তে ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা নিযুক্ত রয়েছে। গত বছর কমপক্ষে ২ লাখ ৪৪ হাজার সেনাকে এই ‘অভিযানে’ নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে ইউক্রেন থেকে কবে সেনা প্রত্যাহার করা হবে, তার উত্তর দেননি পুতিন।

পুতিন বলেন, ‘সামরিক বাহিনী সরানো বা কমানো (ডিমিলিটারাইজেশন) প্রসঙ্গে বলছি, ওরা যদি সমঝোতায় রাজি না হয়, তা হলে অন্য পথ নেব। সেটা চুক্তির ভিত্তিতে বা বলপ্রয়োগ করে।’

গত জুন মাসে রুশ অধিকৃত ক্রিমিয়ায় করা ইউক্রেনের হামলা প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেন এই দুই বছরের মধ্যে ওই ছোট এলাকায় সাফল্য লাভ করলেও নিজেদের ‘সব চেয়ে ভাল’ কিছু সেনাদের হারিয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *