৩০ হাজার বছরের পুরোনো ম্যামথ শাবকের মমির সন্ধান

একটা সময়ে বিশ্বে দাপিয়ে বেড়াত ম্যামথেরা, কিন্তু আজ তারা অবলুপ্ত। তবে এই বিশালাকার প্রাণী যে পৃথিবীতে রাজ করতো তার প্রমাণ মিলেছে আবারও। কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে বরফযুগের এই প্রাণীর একটি শাবকের সম্পূর্ণ দেহ হিমায়িত ও মমিকৃত অবস্থায় পাওয়া গেছে।
উত্তর আমেরিকা অঞ্চলে এ ধরনের আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। এর আগে ওই অঞ্চলে মমি অবস্থায় ম্যামথ শাবকের দেহের অংশবিশেষ পাওয়া গিয়েছিল শুধু।
ম্যামথ হলো হাতির মতো দেখতে অতিকায় লোমশ এক বিলুপ্ত প্রাণীবিশেষ। বরফযুগে এর অস্তিত্ব ছিল। নতুন সন্ধান পাওয়া ম্যামথ শাবকের মমিটি ৩০ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার কানাডার ইয়ুকোন অঞ্চলের ক্লোনদিকে এলাকার একটি স্বর্ণখনির শ্রমিকেরা এর সন্ধান পান। যে এলাকায় মমিটির সন্ধান পাওয়া গেছে, সেটি ত্রোনদেক ওয়েচিন আদিবাসী গোষ্ঠীর মালিকানাধীন।
ইয়ুকোনের স্থানীয় সরকার ম্যামথ শাবকের এ মমিকে ২০০৭ সালে সাইবেরিয়ায় ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলে পাওয়া ম্যামথ শাবকের সঙ্গে তুলনা করেছেন। তারা বলেছেন, এটি উত্তর আমেরিকায় এখন পর্যন্ত সন্ধান পাওয়া একমাত্র পূর্ণাঙ্গ মমি। আর বিশ্বে এ ধরনের মমির সন্ধান পাওয়ার দ্বিতীয় ঘটনা এটি।
ধারণা করা হচ্ছে, ম্যামথ শাবকটি মেয়ে। আদিবাসী হান ভাষায় এর নাম দেয়া হয়েছে নুন চো গা। এর অর্থ ‘বড় পশু শাবক’। ইয়ুকোনের জীবাশ্ম বিশেষজ্ঞ গ্রান্ট জাজুলা বলেন, ‘নুন চো গা দেখতে সুন্দর। বিশ্বে এখন পর্যন্ত বরফযুগের আশ্চর্যজনক যত মমিকৃত প্রাণীর সন্ধান পাওয়া গেছে, তার একটি এটি।’