সাইবার প্রতারণার নতুন কৌশল, QR কোড স্ক্যান করেই এক লাখ টাকা উধাও!

পূর্ব মেদিনীপুরের মেচেদার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে অভিনব কায়দায় টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে QR কোড স্ক্যান করে বিল পেমেন্ট করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উধাও হয়ে যায়।

ব্যবসায়ীর নাম শশাঙ্ক সামন্ত। তিনি কোলাঘাট থানা এলাকার মেচেদার বাসিন্দা। তিনি জানান, গত ৪ তারিখ তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করান। বিল পেমেন্টের জন্য তিনি QR কোড স্ক্যান করেন। টাকা দেওয়ার ১০ মিনিটের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়।

ব্যবসায়ী জানান, টাকা তুলে নেওয়ার আগে তাঁর ফোনে কোনও ওটিপি বা মেসেজ আসেনি। টাকা তুলে নেওয়ার পর ফোনে মেসেজ আসে। মুম্বই ও রাজস্থানের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানান তিনি।

ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দুই ব্যাঙ্কের ম্যানেজারকেও বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যবসায়ী বলেন, ‘আমি ব্যবসা করে খাই। এমন চলতে থাকলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে। সরকার অনলাইন পেমেন্ট চালু করেছে, সেই কারণে আমাদের সতর্ক হওয়া উচিত। আমি সাধারণ মানুষকে পরামর্শ দেব, গুগল পে বা ফোন পে ব্যবহার করা বন্ধ করে দিন।’

পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণার ঘটনা প্রতিদিনই বাড়ছে। তদন্তে নেমে পুলিশ সাফল্য পেলেও সাইবার অপরাধ ঠেকানো যাচ্ছে না। সতর্কতাই অপরাধ ঠেকানোর একমাত্র পথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *