রাশিয়ার বিরুদ্ধে জি-৭ নেতাদের একসঙ্গে থাকার আহ্বান, প্রেসিডেন্ট জো বাইডেনের

ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে জি-৭ নেতাদের এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২৬ জুন) সম্মেলনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জার্মানির ব্যাভারিয়ান আল্পসে বৈঠকের শুরুতে, সাতটি ধনী দেশের মধ্যে চারটি দেশ রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করার জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায়।

রোববার ব্রিটিশ সরকার জানায় যে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে।

জি-৭ এর বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের দলে যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতবছর রাশিয় দেড় হাজার কোটি ডলারের বেশি আয় করেছে স্বর্ণ রপ্তানি করে।

জি-৭ নেতারা চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করতে এবং খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবকে কমিয়ে আনতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ছয়শ বিলিয়ন ডলার ব্যক্তিগত ও সরকারি তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিতে সম্মত হয়েছেন।

জি-৭ এর আয়োজক জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস শীর্ষ সম্মেলনে অংশীদার দেশ হিসেবে সেনেগাল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকাকেে আমন্ত্রণ জানিয়েছেন। জলবায়ু, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গের সমতায়ন ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতি বছর জি-৭ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবার জি-৭ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যুদ্ধের কারণে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির সংকট ও বিশ্বজুড়ে খাদ্য সংকট কাটিয়ে উঠার উপায়সমূহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *