BigNews:দুর্নীতি রুখতে, আর দেওয়া হবে না লোহার সিলিন্ডার! LPG নিয়ে বড় সিদ্ধান্তের পথে মোদী সরকার?

গ্যাস সিলিন্ডার নিয়ে পরপর বড় সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। সম্প্রতি, জানা গিয়েছে ভর্তুকি যুক্ত গ্যাসে বায়োমেট্রিক ডেটা সংযোজন করা বাধ্যতামূলক। এবার ফের নতুন সিদ্ধান্তের বিষয়ে জানা গিয়েছে। জানা যাচ্ছে, নয়া নির্দেশ অনুযায়ী নতুন গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে কম্পোজিট গ্যাস সিলিন্ডারই নিতে হবে গ্রাহকদের।

খাতায় কলমে এমন কোনও নির্দেশিকা সরকারি ভাবে এখনও আসেনি। তবে দাবি করা হচ্ছে, সংস্থার কর্তারা ডিলারদের এমনই নির্দেশ দিচ্ছে।

মূলতঃ গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে ভাবনা চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তবে এক্ষেত্রে বেশি টাকা খরচ হবে সাধারণ মানুষের। এতদিন নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে আমজনতার খরচ হত 2200 টাকা। কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দিতে হবে 3000 টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে 800 টাকা খরচ বাড়ছে। দু’টি সিলিন্ডারের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ 1600 টাকা।

দাবি করা হচ্ছে, নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে যেমন কম্পোজিট সিলিন্ডার বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে, তেমনই লোহার সিলিন্ডার ব্যবহারকারীদেরও সেই সিলিন্ডার বদলে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার বিষয়েও উৎসাহিত করা হচ্ছে। তবে এক্ষেত্রেও খরচ বাড়তে পারে গ্রাহকদের।

আবার যারা বর্তমানে সিঙ্গেল গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, তাঁরা যদি ডবল গ্যাস সিলিন্ডার করতে চেয়ে আবেদন করেন, সেক্ষেত্রে কম্পোজিট সিলিন্ডারই পাবেন। অর্থাৎ আগামী দিনের জন্য দেশবাসীর ভরসা হতে চলেছে এই কম্পোজিট সিলিন্ডারই। নতুন লোহার গ্যাস সিলিন্ডার হিসেবে থাকতে পারে 5 কেজির ছোট লোহার সিলিন্ডার। যা কিনা আপৎকালীন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

কম্পোজিট গ্যাস সিলিন্ডারে কী কী সুবিধা রয়েছে?

প্রকৃতপক্ষে কম্পোজিট সিলিন্ডার ব্যবহারে সুবিধা পাবেন গ্রাহকেরাই। কারণ, এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের ওজনের অর্ধেক হয়। ফলে বাড়ির মহিলারাও এটিকে সহজেই সরাতে পারবেন। এই সিলিন্ডার হয় স্বচ্ছ, যার জেরে কতটা গ্যাস সিলিন্ডারে রয়েছে তা দেখা যায়। সবচেয়ে বড় সুবিধা হল, এই সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

বর্তমানে বেশ কয়েকটি সিলিন্ডার সরবরাহকারী সংস্থা ইতিমধ্যেই এই কম্পোজিট সিলিন্ডার বাজারে নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *