SPORTS: বিশ্বকাপের বেদনা ভুলে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, আজ নজর রাখুন T20 তে

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে স্বাগতিক ভারত। আহমেদাবাদে প্রায় লক্ষাধিক দর্শককে হতাশ করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে অজিরা। বিশ্বকাপ ফাইনালে হারের বেদনা ভুলতে না ভুলতেই অজিদের বিপক্ষে আবারো মাঠে নামতে হচ্ছে ভারতকে।
পূর্ব শিডিউল অনুযায়ী ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যার প্রথম টি-২০তে আজ মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি গড়াবে ভিশাখাপত্তম স্টেডিয়ামে। সিরিজের পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এই সিরিজের জন্য তারুণ্যের নির্ভর দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত মুখ রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়শ আইয়ার, কেএল রাহুল, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিদের বিশ্রাম দিয়েছে।
এদিকে বিশ্বকাপ দলের বেশকিছু ক্রিকেট রয়েছেন অজি দলে। তবে বিশ্বকাপ দলের বাইরে থাকা ক্রিকেটারদের এই সিরিজে বেশি সুযোগ দিতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে, সঙ্গে থাকবেন ম্যাথিউ শর্ট। টপ অর্ডারের অন্য সদস্য হতে পারেন অ্যারন হার্ডি।
টি-২০তে এখন পর্যন্ত ২৬বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার। যার ১৫টিতে জয় পেয়েছে ভারত, বাকি দশ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। আর একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি।
কন্ডিশন ও পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। কিন্তু প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন সাবধানী ভারতও।