Invest: সেরা ৫ পদ্ধতিতে করুন বিনিয়োগ, স্পর্শ করতে পারবেন আর্থিক লক্ষ্যমাত্রা, জানুন বিস্তারিত

দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক বিনিয়োগ অপরিহার্য। এর জন্য প্রথমেই নিজের আর্থিক লক্ষ্য স্থির করতে হবে। আর্থিক লক্ষ্য স্থির করার ক্ষেত্রে প্রথমেই মেয়াদ নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ ঠিক কত দিনের মধ্যে আপনি রিটার্ন পেতে চান, এবং কত টাকার লক্ষ্যমাত্রা স্থির করছেন, তা নির্ধারণ করতে হবে। সেই অনুসারে আপনাকে লক্ষ্য স্পর্শ করতে বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট করতে হবে।
বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প রয়েছে। কোন পদ্ধতিতে বিনিয়োগে ভালো রিটার্ন পেতে পারেন, তা নিম্নে উল্লেখ করা হল।
স্টক: স্টক মার্কেট সবসময়ই বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আপনি কোন স্টক কিনছেন, তা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক স্টকে বিনিয়োগ আপনাকে মোটা অঙ্কের রিটার্ন প্রদান করতে পারে। কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ না করলে অর্থ খোয়ানোর শঙ্কা থাকে। স্টক মার্কেটে বিনিয়োগের আগে ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে নিতে হবে।
মিউচুয়াল ফান্ড: মিউচুয়াল ফান্ড সাধারণভাবে স্টক, বন্ড অথবা অন্যান্য সম্পদে বিনিয়োগের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এই প্রকল্পে বৈচিত্র এবং পেশাদার ব্যবস্থাপনার সুবিধা রয়েছে। এটি নতুন এবং অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত বিনিয়োগের বিকল্প গড়ে তোলে। মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ আপনাকে আকর্ষণীয় রিটার্ন প্রদান করতে পারে। এক্ষেত্রে সাধারণভাবে দীর্ঘমেয়াদ বেছে নেওয়া সবচেয়ে ভালো। আপনি যত দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করবেন তত বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন। যদি বড় আর্থিক লক্ষ্যমাত্রা থাকে, সেক্ষেত্রে স্টেপআপ পদ্ধতিও বেছে নিতে পারেন।
ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট: ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট হল কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিকল্প। এই প্রকল্পে আপনি নির্দিষ্ট সুদের হার পাবেন। তবে এই প্রকল্পে রিটার্ন তুলনামূলকভাবে কম।
রিয়েল এস্টেট: রিয়েল এস্টেট একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প। এই বিনিয়োগে মূলধনের বৃদ্ধি এবং ভাড়া থেকে আয়ের সুবিধা প্রদান করে থাকে। তবে এই বিনিয়োগে ঝুঁকিও রয়েছে। বাজারের প্রবণতা এবং এলাকার অবস্থান বিবেচনা করে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে হবে।
ন্যাশনাল পেনশন সিস্টেম: ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) হল একটি কেন্দ্রীয় সরকার সমর্থিত প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগে আপনি অবসরের পর নিয়মিত পেনশন পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, এই প্রকল্পে অর্থ সঞ্চয়েরও সুযোগ রয়েছে। অবসর গ্রহণের সময় এই অর্থ আপনার পরবর্তী জীবনের নিরাপত্তা বৃদ্ধি করবে।
দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক বিনিয়োগ অপরিহার্য। আর্থিক লক্ষ্য স্থির করে, বিনিয়োগের পরিকল্পনা করে এবং ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে আপনি আপনার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারেন।