SPORTS: বিশ্বকাপ ফাইনালের আগে গিলের জন্য সারার ‘বিশেষ’ বার্তা, দেখেনিন আপনিও

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল। তার আগেই চর্চিত বয়ফ্রেন্ড শুভমান গিলের জন্য বিশেষ বার্তা দিয়েছেন শচীন কন্যা সারা টেন্ডুলকার।
ভারতের ভবিষ্যত তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকার কন্যা সারার মন দেওয়া-নেয়া যেন এখন ‘ওপেন সিক্রেট’। ডেঙ্গু জ্বরের কারণে বিশ্বকাপের শুরুর কয়েক ম্যাচ খেলতে পারেননি ভারতীয় ওপেনার। তখন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নিয়মিত শুবমনের আরোগ্য কামনা করেছেন সারা। দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে আগে কানাঘুষো থাকলেও বিশ্বকাপ থেকেই নতুন করে প্রকাশ্য হতে থাকে দুজনের সম্পর্কের বিষয়টি।
সুস্থ হয়ে শুভমান মাঠে ফিরতেই গ্যালারিতে দেখা গেছে সারাকে। ডানহাতি ওপেনার প্রতি বাউন্ডারিতে উল্লাস আর আউট হলে মন খারাপের সময়ে সবার আগে দেখা সারাকে। এমনকি দুজনকে একসঙ্গে শোরুমও উদ্বোধন করতে দেখা গেছে। কোন সারার সঙ্গে মন দেওয়া-নেয়া চলছে, এমন গুঞ্জনে শোনা যাচ্ছিল সাইফ আলী খান কন্যা সারা আলী খানের নামও। সারা আলী নিজেই খোলাসা করেছেন, ভুল সারাকে জিজ্ঞেস করা হয়েছে।
মুম্বাইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে মাঠেই ছিলেন সারা। শুভমানের প্রতি বাউন্ডারিতে তাকে লাফিয়ে উল্লাস করতে দেখা গেছে। আজ সারা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালেও তাকে দেখা যাবে। এবং কেন ফাইনালে যাচ্ছেন সেটাও জানিয়েছেন শচীন কন্যা।
এক্স হ্যান্ডেলে সারা লিখেছেন, ‘ফাইনাল দেখতে আসছি, ভালো করে খেলো শুভমান গিল।’ সঙ্গে ভালোবাসার একটা ইমোও একেছেন সারা। প্রেমিকার এমন প্রেমময় বার্তায় ফাইনালে অস্ট্রেলিয়াকেই না জ্বালিয়ে দেন শুভমান গিল!