ইসরায়েলে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে হিজুবুল্লা বাহিনী

ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসগাভ আম এলাকায় ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বৃহস্পতিবার ইসরায়েলে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে এতে ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের মিসগাভ আম এলাকায় অন্তত তিনটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে, বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের মিসগাভ আমে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

লেবাননে যুদ্ধ বিমান থেকে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে দেখা যায়, সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের এক এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখান বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *