SPORTS: ‘২৫ হাজার রান করতে চাও? অধিনায়কত্ব ছেড়ে দাও’-বাবরকে পরামর্শ প্রাক্তনদের

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পড়তে হয়েছে কঠোর সমালোচনার মুখোমুখি। সাবেক ক্রিকেটার, অধিনায়ক এবং পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তাদের অনেকেই বাবর আজমের দুর্বল নেতৃত্বের কারণে বিশ্বকাপে তাদের এমন ভরাডুবি ঘটেছে বলে মন্তব্য করছেন।

বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে পাকিস্তান। মাত্র চার ম্যাচের জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এমন ব্যর্থতার পর বাবর আজমের অধিনায়কত্ব পড়ে গেছে গভীর সঙ্কটের মুখে।

শোয়েব মালিক, ওয়াসিম আকরাম, কামরান আকমল এবং আবদুল রাজ্জাকদের মত ক্রিকেটাররা বাবর আজমকে আরেকটু এগিয়ে পরামর্শ দিচ্ছেন, অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজের ব্যাটিংয়ের দিকে আরও বেশি মনযোগি হতে। তাতে নিজের যেমন উন্নতি হবে, তেমনি দলও লাভবান হবে।

তবে এরই মধ্যে বাবর আজমকে দারুণ এক পরামর্শ দিয়েছেন কামরান আকমল। তিনি জানিয়েছেন, ব্যাট হাতে যদি বাবর আজম ২৫ হাজার রান করতে চায়, তাহলে অবশ্যই তাকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে শুধু ব্যাটিং নিয়েই ভাবতে হবে।

বিশ্বকাপের পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে অনুষ্ঠিত একটি টিভি শো’য়ে কামরান আকমল বলেন, ‘বাবর আজম আমার ভাই। এ কারণে আমি তাকে পরামর্শ দেবো, নেতৃত্ব ছেড়ে দাও। যদি সে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করতে চায়, যদি আমাদের জাতি তার কাছ থেকে আরও ভালো ব্যাটিং প্রত্যাশা করে, তাহলে তাকে অবশ্যই শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে খেলা উচিৎ।’

করাচিতে একটি অনুষ্ঠানে শোয়েব মালিক বলেন, ‘আমি বাবর আজমের বিপক্ষে নই। তবে একজন খেলোয়াড় এবং একজন অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে তাকে একটা সিদ্ধান্তে আসা উচিৎ যে, দুইভাবে খেলেতে গেলে সে দুই দিকের চাপ একসঙ্গে নিতে পারবে কি না। নাকি একটিকেই বেছে নেবে।’

‘আমি মনে করি, আমরা বাবর আজমকে একজন খেলোয়াড় হিসেবে বেশি প্রত্যাশা করি। অধিনায়ক হিসেবে নিজের মূল্য বোঝানোর সুযোগ সে পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে নিজেকে প্রমাণ করতে পারেনি।’

আবদুল রাজ্জাক ২০১৯ সাল থেকে বাবর আজমের অধিনায়কত্বের মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, একজন অধিনায়ক হিসেবে কেমন, তা চার বছরের পারফরম্যান্স মূল্যায়ন করলেই বোঝা সম্ভব। তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই বলে আসছি, আপনি যদি সৎ হন এবং অধিনায়ক হিসেবে নিজের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আরও তৎপর থাকেন, তাহলে তা কাজ করবেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, বাবরের কিছু কিছু সিদ্ধান্ত ছিল ভুল। যা বিশ্বকাপে আমাদের ভারডুবির জন্য অনতম বড় কারণ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *