একরাতেই ৩টি কালী মন্দিরের লক্ষাধিক টাকার গয়না গায়েব, আতঙ্ক এলাকায়

বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামে এক রাতে পরপর তিনটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এই তিনটি মন্দিরে থেকে মোট ২১ ভরি সোনা ও ৫ কেজি ১০৪ ভরি রুপোর গয়না চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়গ্রামের নতুনপাড়ায় রয়েছে শতাব্দি প্রাচীন বড়মা-এর মন্দির। এই মন্দির থেকে গতরাতে প্রতিমার অঙ্গ সজ্জার প্রায় ৫ ভরি সোনা ও ১০০ ভরির থেকেও কিছু বেশি রুপোর গহনা চুরি যায়। একই সঙ্গে ওড়গ্রামের রায়পাড়ায় ক্ষেপীমা-এর মন্দিরেও চুরি যায় প্রতিমার অঙ্গসজ্জার প্রায় ১০ ভরি সোনা ও ৫ কেজির মতো রুপোর গহনা। পাশাপাশি রায়পাড়ারই ছোটমা-এর মন্দিরেও চুরি যায় প্রায় ১ ভরি সোনা ও ৪ ভরির মতো রুপোর গহনা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েক দশকেও মায়ের মন্দির থেকে এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। সকাল হতেই বিগ্রহ থেকে অঙ্গসজ্জার গয়না চুরির হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই শোকবিহ্বল হয়ে পরেছেন এলাকার বাসিন্দারা। চুরির ঘটনার কিনারা করতে ইতিমধ্যেই সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, যে কোনও একটি গ্যাং এই গয়না চুরির ঘটনায় যুক্ত রয়েছে। স্থানীয় এলাকা থেকে কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।

এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা চাইছেন, দ্রুত এই চুরির ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *