SPORTS: বিশ্বকাপে আলো ছড়ালেন যে তরুণ খেলোয়াড়রা, জেনেনিন বিস্তারিত

বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। বড় মঞ্চ, বড় স্বপ্ন। স্বাভাবিকভাবেই প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার। তবে সেই সুযোগ ক’জনেরই কপালে জোটে। আবার সুযোগ মিললেও হয়তো সবাই নিজেদের মেলে ধরতে পারেননা। তবে অনেক ব্যর্থতার ভিড়ে স্বপ্ন ছুঁতে পারেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়।

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠেছে ভারতে। এরই মধ্যে রাউন্ড রবিন লিগ পর্বের খেলা শেষ হয়েছে। যেখানে অংশ নিয়েছিল দশটি দল। যেখানে ব্যাট-বল হাতে গুটি কয়েকজনই আলো ছড়াতে পেরেছেন।

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছন্দে আছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও কুইন্টন ডি কক তাদের মধ্যে অন্যতম। রান সংগ্রহের তালিকার সেরা দুইয়ে আছেন কোহলি ও ডি কক। তবে শুধু অভিজ্ঞরাই নয়, তাদের পাশাপাশি কয়েকজন তরুণও আলো ছড়িয়েছেন। সেসব তরুণদের নিয়েই এই আয়োজন।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)

ভারতীয় বংশোদ্ভূদ হলেও নিউজিল্যান্ডের জার্সিতে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তরুণ রাচিন রবীন্দ্র। নিজের ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই স্বপ্নের মতো কাটাচ্ছেন কিউই এই অলরাউন্ডার। যখন যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই নিজেকে প্রমাণ করছেন ২৩ বছর বয়সী এ ক্রিকেটার।

চলামন বিশ্বকাপে সবচেয়ে বড় পাওয়া বোধহয় এই রাচিনই। কেননা এখন পর্যন্ত ৯ ইনিংস ব্যাট করে ৭০.৬২ গড়ে ১০৮.৪৪ স্ট্রাইক রেটে তার রান ৫৬৫। তিনটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুইটি হাফ সেঞ্চুরি।

আসরের উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেন রাচিন। এরপর অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে পান তিন অঙ্কের দেখা। সেই সঙ্গে বল হাতে রাচিনের শিকার পাঁচ উইকেট।

মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা)

এবারের বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে প্রতিপক্ষ দলকে রীতিমতো গুঁড়িয়ে দিচ্ছে প্রোটিয়ারা। সেই দলেরই সদস্য মার্কো জানসেন। বাঁ-হাতি এই মিডিয়াম ফাস্ট বোলার ৮ ম্যাচে উইকেট নিয়েছেন ১৭টি। সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটও চালাতে পারেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলারদের ভিড়ে তেমন ব্যাট করার সুযোগ পাননি জানসেন। তবুও ৭ ইনিংস ব্যাট করে রান করেছেন ১৫৭। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৪২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস।

ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)

ভারত বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় চমকের নাম আফগানিস্তান। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও ঘুরে দাঁড়িয়ে সেমির মঞ্চে চোখ রাঙিয়েছে দলটি। তবে পয়েন্ট টেবিলের লড়াইয়ে বিদায় নিতে হয়েছে আফগান আটলানদের।

আফগানিস্তানের হয়ে আলাদাভাবে নজর কেড়েছেন দলটির তরুণ ওপেনার ইব্রাহিম জাদরান। এ ওপেনার ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এবারের বিশ্বকাপে। এক সেঞ্চুরিতে ৪৭ গড়ে ২১ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন ৩৭৬ রান।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ইব্রাহিম খেলেছিলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হৃদয় ভাঙ্গা ম্যাচে পেয়েছিলেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। তবে সেমিফাইনালে না খেলার আফসোস নিয়েই ফিরতে হয়েছে তাদের।

দিলশান মধুশঙ্কা (শ্রীলংকা)

বিশ্বকাপের আগে কেউ কি ভেবেছিল সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় উপরের দিকে থাকবে দিলশান মধুশঙ্কার নাম? কিন্তু ২১ উইকেট নিয়ে সেই মধুশঙ্কা এখন তালিকার দুইয়ে। ২২ উইকেট নিয়ে তার উপরে আছেন অ্যাডাম জাম্পা।

নতুন বলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন লংকান এ বাঁ-হাতি পেসার। বিশ্বকাপের প্রথম পর্বের ৯ ইনিংসে ২৫ গড়ে তার উইকেট ২১টি। লংকানরা তলানিতে থেকে বাদ পড়লেও মধুশঙ্কা নিজের জাত চিনিয়েছেন।

জেরার্ল্ড কোয়েৎজে (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের নাম নিতে গেলে সবার আগে আসে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদির নাম। কিন্তু তাদের ভিড়ে এবার আলো ছড়িয়েছেন ২৩ বছরের জেরার্ল্ড কোয়েৎজে। সাত ম্যাচে ১৯.৩৮ গড়ে তার উইকেট শিকার ১৮টি। এখনো সেমিফাইনাল ম্যাচ বাকি। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পেসারের কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করতে চাইবে প্রোটিয়ারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *