SPORTS: বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার থাকবেন যারা, জেনেনিন তাদের পরিচয়

আগামী ১৫ ও ১৬ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের দুই সেমিফাইনাল ম্যাচ। তার আগে সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়ার ৫৯ বছর বয়সী রড টাকার।
এ ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন টাকার। বিশ্বের ২০তম ওয়ানডে আম্পায়ার হিসেবে শততম ম্যাচ পরিচালনা করবেন তিনি। এ বিশ্বকাপে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।
টাকারের মাইলফলক স্পর্শ করার ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক। ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।
আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের কেটেলবরো ও ভারতের নিতিন মেনন।
তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও চতুর্থ আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের মাইকেল গফ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।