কালীপুজোর রাতে শিলিগুড়িতে তিনটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান

দীপাবলির রাতে শিলিগুড়িতে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোথাও কোনও হতাহতের খবর নেই, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রথম আগুন লাগে শেঠ শ্রীলাল মার্কেটে। রাত ৯টার দিকে দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দুটি বড় পোশাকের দোকান পুরোপুরি পুড়ে যায়। বেশকিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্বিতীয় আগুন লাগে রাত ১১টার দিকে খালপাড়ার এমজি রোডে একটি বাড়িতে। বাড়ির ছাদে থাকা সামগ্রী থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান বাজি থেকে আগুন লেগেছে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

তৃতীয় আগুন লাগে সেবক রোড সংলগ্ন মহাকালপল্লীতেও একটি বাড়িতে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব রাতেই আগুনের খবর পেয়ে এলাকাগুলিতে পৌঁছন। পরিস্থিতির উপর নজর রাখেন ও পুলিশ, দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন।

গত অক্টোবর মাসেই শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি চৌরঙ্গী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ৬০টির বেশি দোকান পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শিলিগুড়িতে বাজি নিয়ে সতর্কতার বার্তা উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *