মূত্রত্যাগের কারণে তীব্র দুর্গন্ধ স্টেশন চত্বরে, রেলের কাছে আবেদনেও হয়নি সমাধান

দুর্গাপুর বাজারের ব্যস্ততম রাস্তার ওপর উন্মুক্ত স্থানে মূত্রত্যাগের কারণে দূষণ ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও অটো চালকরা এই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
দুর্গাপুর রেলস্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে বেরিয়ে আসার রাস্তাটি থেকে বাজার শুরু হচ্ছে। ওই রাস্তাটি স্টেশনের পাশ হয়ে সিনেমা রোড হয়ে বিসি রায় রাস্তায় যোগ হচ্ছে। স্টেশন সংলগ্ন ওই রাস্তাটির প্রায় ৫০০ মিটার পর্যন্ত এলাকা মূত্রাগারে পরিণত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেল যাত্রী থেকে স্থানীয় কিছু মানুষজনও ওই রাস্তায় মূত্রত্যাগ করে। বারবার দেওয়াল লিখন সহ মৌখিক ভাবে সচেতন করেও লাভ হয়নি।
পথচারীরা জানান, উন্মুক্ত রাস্তায় দাঁড়িয়ে বহু পুরুষ মূত্রত্যাগ করে অসভ্যের মতো। মহিলারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে অস্বস্তি বোধ করেন।
অটো চালকরা জানান, ওই রাস্তার ওপর মূত্রের ওপর দাঁড়িয়ে থাকতে হয়। কিছু বলার নেই কাউকে কারণ ওটা রেল কর্তৃপক্ষের জায়গা।
রেল কর্তৃপক্ষের দাবি, তারা এই সমস্যার সমাধানের জন্য কাজ করছেন। তারা দ্রুত রাস্তার পাশে মূত্রাগার তৈরির ব্যবস্থা করবেন।