‘রাত নষ্ট হচ্ছে, আমার আগে বিয়ের ব্যবস্থা করুন’, DM-কে চিঠি দিলো শিক্ষক

চলমান বিধানসভা নির্বাচনের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণে অনুপস্থিত থাকায় মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষকের নাম অখিলেশ কুমার মিশ্র। তিনি সাতনা জেলার অমরপাটনের মহুদারে একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিক্ষককে বরখাস্তের কারণ হলো, তিনি প্রশিক্ষণের জন্য নোটিশ পেলেও তাতে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণ দর্শানোর জন্য জেলাশাসক অনুরাগ বর্মা তাকে নোটিশ পাঠান। নোটিশের জবাবে শিক্ষক লিখেছিলেন, তার বিয়ে না হওয়ায় তিনি প্রশিক্ষণে যোগ দিতে পারেননি।
শিক্ষকের উত্তরে জেলাশাসক অবাক হয়েছিলেন। তিনি বলেন, “শিক্ষকের এমন উত্তরে আমি হতবাক। তিনি বিয়ের জন্য যৌতুকও চেয়েছেন।”
শিক্ষক লিখেছিলেন, “আমার বয়স পেরিয়ে যাচ্ছে। আমার রাত নষ্ট হয়ে গেছে। আগে আমার বিয়ের ব্যবস্থা করুন। আমি যৌতুকে সাড়ে ৩ লক্ষ টাকা চাই। নগদ বা অ্যাকাউন্টে পেমেন্ট হলেও চলবে। এছাড়া, সিঙ্গরাউলি টাওয়ার বা সামদারিয়া আবাসনে আমাকে একটি ফ্ল্যাট দেওয়ার জন্য ঋণের ব্যবস্থা করতে হবে।”
শিক্ষকের এই উত্তরে জেলাশাসক বাকরুদ্ধ হয়েছিলেন। তিনি বলেন, “শিক্ষকের উত্তরে আমার কিছুই বলার নেই।”
এদিকে, প্রশিক্ষণে উপস্থিত না থাকায় আরও বেশ কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।
শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ তিনি ফোন ব্যবহার করেন না।
নির্বাচন কমিশনের নির্দেশে সাতনা জেলার সরকারি স্কুলের শিক্ষকদের ১৬-১৭ অক্টোবর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, ওই প্রশিক্ষণে অখিলেশ কুমার মিশ্র অনুপস্থিত ছিলেন।
শিক্ষক দাবি করেছেন, তার হাত ভেঙে গিয়েছে এবং তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।
এই ঘটনায় মধ্যপ্রদেশের শিক্ষা মহলে তোলপাড় শুরু হয়েছে।