রেশন দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় ইডি হানা, তল্লাশি আটাকলেও

রেশন দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি বাড়ার মধ্যেই শনিবার সকালে বনগাঁয় একাধিক চালকল ও আটাকলে হানা দিয়েছে ইডি। উত্তর ২৪ পরগনা জেলার কালুপুরে রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। এই দুই চালকল ও আটা কলের মালিকের বাড়িতেও হানা দেয় ইডি।

ইডির তদন্তকারীরা বলছেন, এই চালকল বা এই আটাকলের মালিকের সঙ্গে খাদ্য দফতর বা রেশন দুর্নীতির সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছেন তারা। রাধাকৃষ্ণ আটাকলের মালিক মন্টু দাসের সঙ্গে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোন যোগসাজশ ছিল কিনা সে ব্যাপারেও তদন্ত চলছে।

ইডির সূত্রে জানা গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা ও কালী সাহার বাড়িতেও হানা দেওয়া হয়েছে। এই দুই ব্যবসায়ীর বাড়ির দোকান এবং রাধা কৃষ্ণ মিলে একইসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।

ইডির তল্লাশি এখনও চলছে। মিলের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ও কাউকে মিল থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যে ইডি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের হাতে কিছু নতুন তথ্য এসেছে বলে মনে করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই একাধিক জায়গায় ইডির তল্লাশি বলে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *