BigNews: বিধায়ককে ভেতরে রেখেই বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা, চাঞ্চল্য এলাকা জুড়ে

ভারতের মহারাষ্ট্রে এক বিধায়কের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মারাঠা কোটা ইস্যুতে আন্দোলনকারীরা। সোমবার (৩০ অক্টোবর) রাজ্যের বিড জেলায় বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন বিধায়ক প্রকাশের বাড়িতে ইটপাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এসময় বাড়ির বাইরে রাখা একটি গাড়িও ভাঙচুর করা হয়।

দ্বিবিভক্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) অজিত পাওয়ার নেতৃত্বাধীন পক্ষের সংসদ সদস্য প্রকাশ সোলাঙ্কি। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, হামলার সময় আমি বাড়ির ভেতরেই ছিলাম। সৌভাগ্যবশত পরিবারের কোনো সদস্য বা কর্মী আহত হননি। আমরা নিরাপদে রয়েছি। তবে বাড়ির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

এএনআই’র শেয়ার করা ভিডিওতে সাদা রঙের বাড়িটির নিচের অংশজুড়ে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

মারাঠা কোটা ইস্যুতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে মহারাষ্ট্রে। এটি কার্যকর করতে রাজ্য সরকারকে ৪০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

এই ইস্যুতে সম্প্রতি প্রকাশ সোলাঙ্কির কথিত একটি বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এতে বলতে শোনা যায়, ইস্যুটি একটা ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে। যে কোনোদিন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ায়নি, সেও আজ বিশাল স্মার্ট মানুষ হয়ে উঠেছে।

ধারণা করা হচ্ছে, কথাগুলো কোটাপন্থি অ্যাক্টিভিস্ট মনোজ জারঙ্গে প্যাটেলকে ইঙ্গিত করে বলা হয়েছিল। এর পরে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

প্রকাশের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। এটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা বলে দাবি করেছে তারা।

দলটির শারদ পাওয়ার পক্ষের সংসদ সদস্য সুপ্রিয়া সুলে বলেন, এটি মহারাষ্ট্রের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। আজ বিধায়কের বাড়িতে আগুন লাগানো হয়েছে… স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? এটি তাদের দায়িত্ব…।

সূত্র: এএনআই, এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *