কেদারনাথ থেকে চন্দ্রযান! লক্ষ্মীপুজোয় থিমের প্যান্ডেল বানিয়ে বিরাট আয়োজন বাংলায়

হুগলি জেলার তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে লক্ষ্মীপুজোয় থিমের বৈচিত্র্য দেখা যাচ্ছে। কৃষি প্রধান এলাকা হওয়ায় এই এলাকার মানুষ লক্ষ্মী আরাধনায় মেতে ওঠেন।
কোনও পুজো মণ্ডপ করা হয়েছে চন্দ্রযান ৩ এর আদলে। কোনওটার থিম আবার কেদারনাথের মন্দির। কোনও ক্লাবের পুজোর থিম সহজ পাঠ।
স্থানীয়রা জানান, গ্রামের অধিকাংশ মানুষ এই কৃষি কাজের সঙ্গে যুক্ত। অধিকাংশ চাষী আবার ধান চাষ করেন। তাই সকলে মিলেই মা লক্ষ্মীর আরাধনা করি। গ্রামের অধিকাংশ লোকই দুর্গাপুজোর সময় সেভাবে আনন্দে মেতে ওঠেন না। তবে লক্ষ্মীপুজো এলেই সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
পুজো উদ্যোক্তারা বলছেন, একসময় এই গ্রামের মানুষ দু’বেলা দু মুঠো ঠিকভাবে খেতে পেত না। তাই কৃষিতে মা লক্ষ্মীর আরাধনা করলে ফসল ভালো হবে সে কারণে গ্রামের ছেলে মেয়েরা মিলিতভাবে সার্বজনীন লক্ষ্মীপুজো করা হয়।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি আফজল আবরার জানান, চাপাডাঙ্গা ও পিয়াসার আমল দুটি জায়গাতেই যান নিয়ন্ত্রণ করা থাকবে। চারচাকা গাড়ি নিয়ে ঢোকা নিষেধ। বিভিন্ন মণ্ডপের দু’পাশে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থা থাকবে। পকেটমার বা অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে সাদা পোশাকের পুলিশ। কারও কোন সমস্যা থাকলে তার জন্য পুলিশি সহায়তা কেন্দ্র করা হয়েছে। এছাড়া ডিজে বাজানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে বিসর্জন করতে হবে।