প্রেমের টানে বাংলাদেশ সীমান্ত টপকে ভারতে প্রবেশ! ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি বধূ

পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দারের ঘটনার রেশ ধরে এবার ত্রিপুরায় বাংলাদেশি যুবতী ফতেমা নুরসতকে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ফতেমা ত্রিপুরার চুরাইবাড়ি থানা এলাকার ফুলবাড়ির বাসিন্দা নুর জালালের প্রেমিকা। কয়েক বছর আগে বাংলাদেশে সিলেটে গিয়ে নুর জালালের সাথে ফতেমার পরিচয় হয় এবং তারা প্রেমে পড়ে। এরপর ফতেমা স্বামীকে ছেড়ে নুর জালালের সাথে ভারতে পালিয়ে আসে।
ফুলবাড়ি এলাকায় বসবাস শুরু করার পর ফতেমার বেআইনি অনুপ্রবেশের খবর পুলিশের কাছে আসে। জিজ্ঞাসাবাদে ফতেমা স্বীকার করে যে সে বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছে।
এই ঘটনার ফলে ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সীমা হায়দারের ঘটনার পর ভারতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
গত বছর অনলাইন গেম খেলতে গিয়ে ভারতীয় যুবক শচীনের সাথে পরিচয় হয় পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দারের। এরপর তারা প্রেমে পড়ে এবং সীমা চার সন্তানকে নিয়ে ভারতে পালিয়ে আসে।
ভারতে আসার পর সীমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পাওয়া সীমা এখন শচীনের সাথে বসবাস করছেন।
সম্প্রতি রাজস্থানের এক গৃহবধূ প্রেমিকের টানে পাকিস্তানে পাড়ি দেয়। এই ঘটনাও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।