SPORTS: রোনালদিনহোর ম্যাজিক্যাল নাইটে ঘটল বিপত্তি! সাংবাদিকরা করলো অনুষ্ঠান বয়কট?

বাংলাদেশে প্রথমবারের মতো আসা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর সফরকালে সাংবাদিকদের অপমানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বুধবার রাত ৮টার পর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বসার জায়গা নেই বলে অপমানিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বয়কট করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকরা অভিযোগ করেন, অনুষ্ঠানের শুরুতেই স্টেজ থেকে তাদের উদ্দেশে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। উপস্থাপক বলেন, “সাংবাদিকদের বসার জায়গা নেই। দয়া করে আপনারা আসন ছেড়ে হলের পেছনে গিয়ে দাঁড়ান।”
এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে বলেন, “আমন্ত্রণ জানিয়ে এমন অপমানজনক বক্তব্য দেওয়া যায় না। তাহলে আমাদের আমন্ত্রণ জানালেন কেন?”
এ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন আয়োজকদের পক্ষ থেকে একজন এসে সাংবাদিকদের বলেন, “যান আপনারা বেরিয়ে যান। এখানের সাংবাদিকদের লাগবে না।”
এই কথার পরেই সব সাংবাদিক অনুষ্ঠান বয়কট করেন। উপস্থিত প্রায় ৫০ জন সাংবাদিকের সিদ্ধান্তক্রমে, এই অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত হয়।
সাংবাদিকদের অপমানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, ব্যারিস্টার সুমনসহ বাফুফের উর্ধ্বতন আধিকারিকরা। তারা সাংবাদিকদের সঙ্গে সহমত প্রকাশ করেন। তাই মন্ত্রীসহ অন্যরাও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সাংবাদিকদের প্রতি ক্ষমা চেয়েছেন আয়োজকরা। তারা বলেছেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা।