ISRLvsHAM: গাজায় হাসপাতালে হামলা, বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় রোগীসহ পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা।

মঙ্গলবার গাজার কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাপটিস্ট হসপিটালে বিমান হামলা চালায় ইসরায়েল। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হাসপাতালের প্রায় সব জায়গায় মানুষের তাজা রক্ত পড়ে আছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে বুধবার মধ্যপ্রাচ্য সফর করার কথা ছিল বাইডেনের। এ সময় জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার। তাবে হাসপাতালে নারকীয় হামলার পর বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেন তারা।

বুধবার জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বাইডেনের পাশাপাশি মিশরীয়, ফিলিস্তিনি এবং জর্ডানের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার কথা ছিল।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে, সঙ্গে বাইডেনের সফরও।

তিনি বলেন, যুদ্ধ বন্ধ ছাড়া এখন আর কোনো কথা বলার প্রয়োজনীয়তা নেই। এ মুহূর্তে বৈঠক করে কোনো লাভ নেই।

এর আগে গাজার হাসপাতালে হামলার পর বাইডেনের সঙ্গে সফর বাতিল করে জর্ডান থেকে ফিলিস্তিনের রামাল্লায় ফিরে আসার সিদ্ধান্ত নেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তবে জর্ডান সফর বাতিল করলেও মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেছেন। তেল আবিবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *