BigNews: প্রাথমিকের OMR শিট কারচুপি, CBI-র জালে এবার সংস্থার ডিরেক্টর

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগে এস বসু রায় অ্যান্ড কোম্পানির আরও এক ডিরেক্টর কৌশিক মাজিকে গ্রেফতার করেছে সিবিআই।

মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদে কৌশিক মাজির বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

সোমবার ওই কোম্পানির সিনিয়র প্রোগ্রামিং অফিসার পার্থ সেনকে গ্রেফতার করা হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ওই সংস্থার আরও এক কর্তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা।

সিবিআই সূত্রে খবর, কৌশিক মাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি ওএমআর শিটে কারচুপিতে সরাসরি জড়িত ছিলেন। তিনি কারচুপির পরে তথ্য-প্রমাণও লোপাট করেছেন।

কৌশিক মাজিকে আদালতে পেশ করা হলে, তাঁর আইনজীবী বলেন, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাকরি দিয়েছে শিক্ষা দফতর।

বিচারক কৌশিককে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

কেন্দ্রীয় সংস্থা মনে করছে, প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে ওএমআর শিটে কারচুপি করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট প্রস্তুত এবং মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি।

সিবিআই ইতিমধ্যেই ৭৫২ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় নাম থাকা অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে বলে অভিযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *