ED: সক্রিয় ইডি, TMC-নেতাদের লটারি জয়ের অনুসন্ধানে ছাপাখানায় অভিযান

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের একটি লটারি ছাপাখানায় হানা দিয়েছে। এই হানার উদ্দেশ্য ছিল তৃণমূল নেতাদের লটারি জয়ের অভিযোগের তদন্ত করা।
সূত্রের খবর, একাধিক তৃণমূল নেতার অ্যাকাউন্টে লটারির টাকা ঢুকেছে। কারও কারও অ্যাকাউন্টে বেশ কয়েকবার একটি নির্দিষ্ট কোম্পানির লটারির প্রথম পুরস্কারের কোটি কোটি টাকা জমা হয়েছে। ইডির সন্দেহ, লটারির সঙ্গে এই কারখানায় ছাপা লটারির যোগসূত্র আছে।
ইডির কর্মকর্তারা কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় কারখানার ভিতরে তল্লাশি চালাচ্ছেন। তারা লটারি টিকিট, রেকর্ড এবং অন্যান্য নথিপত্র সংগ্রহ করছেন।
উল্লেখ্য, বিরোধীরা বহুদিন ধরেই একের পর এক তৃণমূল নেতাদের লটারি জেতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ ছিল, কালো টাকা সাদা করতেই লটারি সংস্থার সঙ্গে বোঝা পড়া। লটারি জয়ের বিষয়টি আরও লাইম লাইটে আসে গোরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের লটারি জেতা নিয়ে।