“কার ডাকে রাজ্যপাল বার বার দিল্লিতে যাচ্ছেন”-প্রশ্ন তুললেন অভিষেক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার থেকে রাজভবনের গেটের বাইরে অনির্দিষ্টকালের জন্য ধর্না চলছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘জমিদার’ আখ্যা দিয়ে তোপ দাগার পর এ বার তাঁর ‘আচমকা’ দিল্লি সফর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিষেক।

শুক্রবার ধর্নামঞ্চ থেকে বোসের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনি তো বাংলার রাজ্যপাল। দিল্লির তো নন। আপনি কার থেকে নির্দেশ নিতে দিল্লি গিয়েছেন?’ তাঁর সংযোজন, ‘গত ২৪ ঘণ্টায় রাজ্যপাল দিল্লিতে কী করেছেন? হাজার হাজার মানুষের চোখের জল! আপনি পার পাবেন না। আপনি যাঁদের থেকে নির্দেশ নিতে গিয়েছেন, তাঁরাও পার পাবেন না।’

এদিকে, অভিষেকের আক্রমণের জবাবে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আদালতকে আক্রমণ করতে পারছেন না। তাই সফট টার্গেট হিসেবে রাজ্যপালকে বেছে নিয়েছেন।’

তবে রাজ্যপাল পদের প্রতি সৌজন্য দেখানোর বার্তা দিয়ে অভিষেক ঘোষণা করেন, বোসের সঙ্গে দেখা করতে তৃণমূলের তিন প্রতিনিধি আজ, শনিবারই উত্তরবঙ্গে যাবেন। এঁরা হলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

অভিষেকের কথায়, ‘তৃণমূলের কোনও অহঙ্কার নেই। তাই আমরা দলের তিনজনকে উত্তরবঙ্গে পাঠাব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তার মানে এই নয়, তৃণমূলের মূল ডেলিগেশন দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন। ডেলিগেশন তো আমার নেতৃত্বে যাবে। শনিবার আমাদের উত্তরবঙ্গে আসতে বললেও এদিন রাতেও তিনি দিল্লিতেই আছেন।’

তিনি আরও বলেন, ‘পঞ্চাশ লাখ চিঠি নিয়ে রাজভবনে যাব। চিঠি আমি রাজ্যপালকে পড়াবই। আমাকে সময় দিতেই হবে। আমি এই জায়গা ছেড়ে উঠব না, যতদিন না আপনি আমাদের সঙ্গে দেখা করছেন। প্রয়োজনে পুজোর দিনগুলিতেও আমি একা ধর্না মঞ্চে বসে থাকব।’

তৃণমূল কংগ্রেসের এই ধর্নায় রাজ্যপালের দিল্লি সফর একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল বোস বিশেষ কারও নির্দেশে দিল্লি গিয়েছেন। যদিও বোস এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের অবস্থান স্পষ্ট করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *