পুর নিয়োগ দুর্নীতি: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ED, রাজ্যের ১২ জায়গায় চলছে তল্লাশি

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকাল থেকে কলকাতা সহ রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-এর তল্লাশি অভিযান শুরু হয়েছে। রাজ্যের খাদ্যমন্ত্রী তথা প্রাক্তন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িসহ একাধিক জায়গায় ইডি তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ইডি সূত্রে জানা গেছে, মধ্যমগ্রাম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য ইডি সম্প্রতি মধ্যমগ্রাম পুরসভার কাছে বেশ কিছু নথি চেয়েছিল। নথি পাওয়ার পর ইডির তদন্তকারীরা অয়ন শীলের ফাইল ঘেঁটে বেশ কিছু তথ্য পেয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে আজ ভোর ছটায় ইডি আধিকারিকরা রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছেন।
ইডি আধিকারিকরা রথীন ঘোষের বাড়ির বিভিন্ন ঘর ঘুরে দেখেছেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছেন। এছাড়াও, রথীন ঘোষের পরিবারের সদস্যদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
শুধু খাদ্যমন্ত্রীই নন, টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও একইসঙ্গে ইডি তল্লাশি চালিয়েছেন। টিটাগর পুরসভায় চাকরি নিয়োগ ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেই ঘটনায় তদন্তে এসেছেন ইডি।
ইডি সূত্রে জানা গেছে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ইডি নজরে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার চেয়ারপার্সন। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মল্লিক এবং দক্ষিণ দমদম পুরসভার নিতাই দত্ত সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা।