গঙ্গাসাগর যাত্রা করুন বিলাসবহুল জাহাজে! জেনেনিন পরিষেবার সময় ও ভাড়া কত?

ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য বিলাসবহুল ক্রুজ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হবে।
সোমবার এই ক্রুজ পরিষেবার ট্রায়াল রান করা হয়। সরাসরি জলপথের মাধ্যমে কচুবেরিয়া যাওয়ার সুবিধা পাবেন পর্যটকরা। ক্রুজ পরিষেবায় বিলাসবহুল জলযানের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা।
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে এই ক্রুজ পরিষেবা চলবে। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে তিনদিন এই পরিষেবা চালানো হবে। সপ্তাহের শেষে শুক্র, শনিবার এবং রবিবার এই ক্রুজ পরিষেবা চালু থাকবে। সকাল সাড়ে ন’টায় গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে এই ক্রুজটি। সেই ক্রুজ আবার বিকেল ৪:৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে ফিরবে।
পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে স্বল্প খরচে এই পরিষেবা চালু রাখা হবে। ক্রুজটিতে দু’রকম পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। একটি ক্লাসিক পরিষেবা এবং একটি প্রিমিয়াম পরিষেবা। দুটি পরিষেবা স্বল্প খরচায় মজা নিতে পারবেন পর্যটক বা তীর্থযাত্রীরা। এর মধ্যে যাত্রীদের যথাক্রমে ৩৪৮ ও ৩৯০ টাকা করে দিতে হবে এই ক্রুজ পরিষেবার জন্য।
গঙ্গাসাগর থেকে কচুবেরিয়া যাওয়ার জন্য ফেরি সার্ভিস চালু ছিল। তবে আরও বেশি পরিমাণে পর্যটক টানতে এবং সাগরে সস্তায় ক্রুজ পরিষেবা উপভোগ করার জন্য এই ক্রুজ পরিষেবা চালু করা হতে চলেছে। স্বল্প খরচে এই পরিষেবা পেয়ে আপ্লুত হবেন পর্যটকরা বলেই আশা উদ্যোক্তাদের। পর্যটকদের চাপ বাড়লে আগামী দিনে ক্রুজের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
এই ক্রুজ পরিষেবার চালু হওয়ায় স্থানীয়রাও খুশি। তারা মনে করছেন, এই পরিষেবা পর্যটন শিল্পকে আরও প্রসারিত করবে।
পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করল ক্রুজ পরিষেবা
কলকাতায় গঙ্গা আরতি দেখার জন্য এবং শহরবাসীর নজর কাড়তে ক্রুজ পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। চলতি বছরে ১ এপ্রিল থেকে এই পরিষেবা চালু করা হয়। রাজ্য পর্যটন নিগমের অনলাইন সাইটে গিয়ে এই ক্রুজ পরিষেবা উপভোগ করার জন্য টিকিট কাটার ব্যবস্থাও করা হয়।
কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবার থেকেও নতুন ক্রুজ পরিষেবা চালু হওয়ায় পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ হল বলেই মনে করা হচ্ছে।