Weather: বৃষ্টি থামার নাম নেই! বাংলার ৩ টি জেলায় আজ হবে অতি প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ ৬টিতে

পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই পরিস্থিতিতে ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ গরম কেমন থাকবে? গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় অত্যধিক গরম নেই। মোটামুটি সহনীয় স্তরে গরম থাকছে পশ্চিমবঙ্গে। আজও সেরকম গরম থাকবে। অত্যধিক গরম হবে না। তবে ঘাম হবে। আপেক্ষিক আর্দ্রতা বেশি আছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। যা স্বাভাবিক। আজ কলকাতার পারদ ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশপাশে থাকবে। আজ মূলত আকাশ মেঘলা থাকবে কলকাতায়। কয়েক দফায় বৃষ্টি হবে।
সতর্কতা মৎস্যজীবীদের জন্য: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেজন্য আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।