‘Free Kashmir’-লেখা ছবি ভাইরাল, দেশবিরোধী স্লোগান রুখতে কমিটি গঠন করলো JNU

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দিল্লি ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগান লেখা হয়েছে। ‘ফ্রি কাশ্মীর’ লেখা স্লোগানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেওয়ালে মুক্ত কাশ্মীরের দাবি-সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। স্লোগান মুছে দেওয়ার জন্য তার ওপরে রং করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর সতীশ চন্দ্র গারকোটি জানান, দেওয়ালে এসব স্লোগান কারা লিখেছে, তা তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, শুধু দেওয়ালে স্লোগানই লেখা হয়নি, কয়েকজন অধ্যাপকের নাম ফলকেও কালি করা হয়েছে।
এই ধরনের ঘটনা এই প্রথম নয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে এর আগেও নানা স্লোগান লেখা হয়েছিল। ২০২২ সালে ‘ব্রাহ্মণ-বিরোধী’ স্লোগান দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে।
এবিভিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেবে এবং সিসিটিভি বসানোর দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই ধরনের দেওয়াল লিখনের ঘটনার তীব্র নিন্দা করেছেন।