তৃণমূলের ধরনার পলটা, দিল্লিতে বিক্ষোভ প্রাথমিক চাকরিপ্রার্থীদের, অনুমতি দিলো দিল্লি পুলিশ!

দিল্লির রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ আন্দোলনের মধ্যেই চাকরিপ্রার্থীদের ধরনার অনুমতি দিল দিল্লি পুলিশ। সোমবার দিল্লির যন্তরমন্তরে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিকে শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০০৯ সালে সব বিষয়ে পাশ করার পরও রাজ্য সরকার তাঁদের চাকরি দিচ্ছে না। চাকরিপ্রার্থীরা আরও অভিযোগ করেন, বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করে কোনও লাভ হয়নি। দেখা হয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
সেই কারণে ৩ অক্টোবর মঙ্গলবার যন্তরমন্তরে তৃণমূলের বিক্ষোভ মঞ্চেও যেতে পারেন চাকরিপ্রার্থীরা।
অন্যদিকে দিল্লির রাজঘাটে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে তৃণমূল। হাতে কালো কাপড় বেঁধে ও বুকে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। নেতৃত্বে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ঘণ্টার বেশি সময় ধরে তৃণমূলের এই ধরনা কর্মসূচি চলছে। নীরবতা বজায় রেখে চলছে ধরনা। রাজঘাটের বাইরে বিপুল সংখ্যায় পুলিশ ও CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে।
তৃণমূলের দিল্লি অভিযানের মধ্যেই চাকরিপ্রার্থীদের ধরনার অনুমতি দিল দিল্লি পুলিশ। এটি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের অভিযোগ। এই পরিস্থিতিতে তৃণমূলের দিল্লি অভিযানের ফলাফল কী হবে তা এখনই বলা মুশকিল।