সাইবার হামলার শিকার এবার ব্রিটিশ রাজ পরিবারের ওয়েবসাইট, তদন্তে কর্তৃপক্ষ

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজ পরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। রোববার সাইবার হামলার শিকার হওয়ার পর ভোরে রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটটি প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। ওয়েবসাইটের সিস্টেমে প্রবেশ করা যায়নি।
সংবাদমাধ্যম স্কাই নিউজের হোস্ট ক্যারোলিন ডি রুসো বলেছেন, আমরা এইমাত্র ব্রেকিং নিউজ পেয়েছি রাজ পরিবারের ওয়েবসাইটটি রাশিয়ান হ্যাকারদের দ্বারা আক্রমণ হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়।
রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।
ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরো বেশি সক্রিয় হয়ে উঠে।