BigNews: সরকারি হাসপাতালেই হবে হাঁটু প্রতিস্থাপন থেকে হৃদযন্ত্রের চিকিৎসা, ২৪ কোটি বরাদ্দ রাজ্যের

রাজ্যের স্বাস্থ্যসেবায় আরও বড় বিনিয়োগের পথে সরকার। নতুন করে স্বাস্থ্যক্ষেত্রে ২৪ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সরকার। এই বিনিয়োগের মাধ্যমে জেলায় জেলায় হার্ট ও হাড়ের চিকিৎসার সুবিধা মিলবে।
বর্তমানে নাগরিকদের দুই তৃতীয়াংশই ভুগছেন হার্ট ও হাড়ের সমস্যায়। চিকিৎসা ক্ষেত্রে হাড় ও হার্টের শুশ্রুষা যথেষ্ট খরচ সাপেক্ষ। ফলে সমাজের সব স্তরের মানুষের পক্ষে এই রোগের চিকিৎসা করানো সম্ভব হয় না। এই বিষয়টি খেয়াল রেখেই সুলভে হার্ট ও হাড়ের চিকিৎসার জন্য এই বিনিয়োগ করা হচ্ছে।
হাড়ের ক্ষেত্রে সব থেকে বেশি মানুষ হাঁটুর সমস্যায় ভোগেন। সে ক্ষেত্রে হাঁটু ইমপ্ল্যান্টের খরচ অনেক দামি। এবার থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরাও যাতে সহজে ও সস্তায় এই চিকিৎসা করাতে পারেন সেই জন্য উদ্যোগী সরকার। এবার জেলায় জেলায় হাড় ভাঙা, হাঁটু এবং কোমরের হাড় প্রতিস্থাপনের মতো সমস্যায় দামি অর্থোপেডিক ইমপ্ল্যান্ট বিনা পয়সায় করা যাবে।
জেলায় জেলায় ইমপ্ল্যান্টের মতো সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য শুধু এই খাতে ১৩ কোটি টাকা বিনিয়োগ করছে সরকার। সরকারি মেডিক্যাল কলেজ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর (ডিআরএস) মিলিয়ে কমপক্ষে ৪৭টি জায়গায় সরবরাহ করা হবে এই দামী ইমপ্ল্যান্ট।
এছাড়াও হৃদযন্ত্রের চিকিৎসায় আরও উন্নত পরিষেবার জন্য মোট ১১টি ক্যাথ ল্যাব অর্থাৎ cardiac catheterization lab কিনছে সরকার। এসএসকেএম, আর জি কর, এন আর এস, মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সঙ্গে বর্ধমান, বাঁকুড়া সম্মিলনী,কল্যাণী, মেদিনীপুর এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও মিলবে ক্যাথ ল্যাবের সুবিধা। এর জন্য বরাদ্দ হয়েছে ১১ কোটি টাকা বলে খবর।
এই বিনিয়োগের ফলে রাজ্যের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।