BigNews: কানাডায় খালিস্তান পন্থী জঙ্গির মৃত্যু, ভারতকে চাপ USA-র

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডা সম্পর্ক। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ঘটেছে কূটনীতিক বহিষ্কারের ঘটনাও।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় হরদীপ সিং নিজ্জারকে।

হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্‌স-এর প্রধান জন কার্বি বলেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) অবশ্যই ওই গুরুতর অভিযোগ (ভারতের বিরুদ্ধে) নিয়ে চিন্তিত…এবং ওগুলো খুব গুরুতর…এবং এই ব্যাপারে তদন্তে কানাডার উদ্যোগকে আমরা সমর্থন জানাচ্ছি।’

কার্বির কথায়, ‘আমরা বিশ্বাস করি, পুরোপুরি স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তই হলো এ ক্ষেত্রে সঠিক অবস্থান। যাতে আমরা সবাই জানতে পারি, ঠিক কী হয়েছে। সেই জন্যই আমরা চাইছি, ভারত এতে সহযোগিতা করুক।’ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের স্পোক্‌সপার্সন এড্রিয়েন ওয়াটসন জানান, দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ ফরেন সেক্রেটারি জেমস ক্লেভারলি জানান যে, শিখ নেতাকে খুনে ভারত জড়িত কি না, সেই ব্যাপারে নিশ্চিত হতে কানাডার তদন্তকে তাঁদের সরকার সমর্থন জানাচ্ছে।

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেন, ‘আমাদের চিন্তার কথা আমরা ভারতের বিদেশ মন্ত্রককে জানিয়েছি।’ অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্রের বক্তব্য, ‘যে সব অভিযোগ সামনে এসেছে, সেই ব্যাপারে অস্ট্রেলিয়া তার চিন্তার কথা ভারত সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছে। অস্ট্রেলিয়া বিশ্বাস করে, সার্বভৌমত্ব এবং আইনের আসনের প্রতি সব দেশেরই শ্রদ্ধা থাকা উচিত।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *