BigNews: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতাতেই ADHAAR জালিয়াতি! বাংলায় ধৃত ১ জন

জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা গৌতম মণ্ডলকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে স্ত্রীয়ের আধার কার্ডের তথ্য বিকৃত করার অভিযোগে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌতম মণ্ডলের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে আবেদন করেছিলেন। আবেদনপত্র যাচাই করতে গিয়ে ব্লক অফিসে ধরা পড়ে যে, আবেদনকারীর আধার কার্ডের বয়সের তারিখের সঙ্গে জাতিগত শংসাপত্রে থাকা বয়সের তারিখের কোনও মিল নেই। বয়সের তফাই প্রায় সাত বছর।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গৌতম মণ্ডলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে গৌতম মণ্ডল স্বীকার করেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেই তিনি স্ত্রীয়ের আধার কার্ডের তথ্য বিকৃত করেছেন।
গৌতম মণ্ডল বলেন, তাঁর পরিবার খুবই গরিব। সংসার খরচের টাকা জোগাড় করতে না পারায় তিনি এই কাজ করেছেন।
বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, “বিডিওর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”