BigNews: বাধ্য হয়ে টোটো চলাচল বন্ধ করল প্রশাসন, ব্যাপক ভোগান্তিতে যাত্রীরা

ব্যারাকপুর ১৫ নম্বর রেলগেট থেকে চিড়িয়া মোড় পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই সিদ্ধান্তের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ করছেন টোটোচালকরা।

টোটোচালকদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের ভোগান্তি বাড়বে। অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।

ব্যারাকপুরের ডিসি ট্রাফিক সন্দীপ কাররা জানান, যানজট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “ব্যারাকপুর স্টেশন এলাকায় খুব যানজট হয়ে যাচ্ছে। দ্বিচাকা বা চারচাকার যান, যেটাই হোক পারাপার করতে পারছে না। ফলে নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই চিড়িয়া মোড় থেকে লালকুঠি পর্যন্ত টোটো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বর্ধমানতাল থেকে পাইপ রোড পর্যন্ত টোটো চলাচল করতে পারবে। ডিডি অফিসের সামনে দিয়েও টোটো যেতে পারবে।”

টোটোচালকদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি ডিসি ট্রাফিক। তিনি বলেন, “পুজো আসছে। রাস্তায় লোক বাড়বে। প্রচুর মানুষ স্টেশন ব্যবহার করবেন। এটা মানুষের স্বার্থে করা হচ্ছে। তাই তাঁদের (টোটোচালকদের) মানতে হবে।”

যাত্রীদের অভিযোগ, ভিতরের রাস্তায় বাস ঢোকে না। আর টোটো বন্ধ হয়ে যাওয়ায় অটোতেও দীর্ঘ লাইন। সেক্ষেত্রে এই রুটে টোটো বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

এদিকে, টোটোচালকদের বিক্ষোভের কারণে ব্যারাকপুর স্টেশন এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *