স্নাক্স কিনলেই ঠান্ডা পানীয় ফ্রি, BJP-র প্রাক্তন সাংসদের অভিযোগের পর সিদ্ধান্ত বদল ইন্ডিগোর

বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের প্রতিবাদের মুখে নড়েচড়ে বসল ইন্ডিগো বিমানের কর্তৃপক্ষ। মঙ্গলবার ইন্ডিগোর দিল্লিগামী বিমানে নরম পানীয় কিনতে চেয়েছিলেন স্বপন দাশগুপ্ত। কিন্তু, তাঁকে বলা হয় স্নাকস কিনলে তবেই নরম পানীয় দেওয়া হবে। তাই নিয়ে মাঝ আকাশে বিমান কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বাংলার এই বিজেপি নেতা। এয়ারলাইন্সের এই নীতি নিয়ে তিনি বেজায় ক্ষুদ্র হয়েছিলেন।
এরপরে নিজের এক্স হ্যান্ডেল ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদ। তিনি লেখেন, ‘ইন্ডিগোর আন্তর্জাতিক এবং আন্তর্জাতীয় উড়ানে যাত্রীদের খাবার কিংবা পানীয় দেওয়া হয় না। অথচ এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন বিমান সংস্থা একাধিক খাবার, পানীয় যাত্রীদের দিয়ে থাকে।’ এর পরে এক্স হ্যান্ডেলে বিমান সংস্থার বাধ্যতামূলক এই নীতিকে ‘জবরদস্তি করা’ বলে উল্লেখ করে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। নিজের পোস্টের সঙ্গে তাঁকে ট্যাগ করেন এবং এ বিষয়ে মন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
স্বপন দাশগুপ্ত আরও লেখেন, ‘এভাবে ভাবে ইন্ডিগোর পক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।’
স্বপন দাশগুপ্তের এই প্রতিবাদের পর ইন্ডিগো বিমানের তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্ন্যাকস কিনলেই যাত্রীরা ফ্রি-তে নিজের পছন্দের কোনও ঠান্ডা পানীয় পাবেন। কিন্তু কেউ যদি শুধু পানীয় চান, তাহলে কী হবে, সেটা এখনও স্পষ্ট নয়।
ইন্ডিগোর মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, এয়ারলাইনটি আরও ভাল এবং সাশ্রয়ী মূল্যের ক্যাটারিং অভিজ্ঞতা প্রদানের জন্য তাদের পরিষেবাগুলি পরিবর্তন করেছে। এটি পরিবেশবান্ধব উদ্যোগও বটে। কারণ হাজার হাজার ক্যান ফেলে দিতে হয়।
এদিকে, স্বপন দাশগুপ্তের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি খুশি যে ইন্ডিগো আমার প্রতিবাদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। এটি একটি ভাল সিদ্ধান্ত এবং এটি যাত্রীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করবে।’