INDIA-জোটের প্রধানমন্ত্রী মুখ কে? বৈঠকের আগেই পাওয়া গেলো বড় ইঙ্গিত

বুধবার প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক বসছে ইন্ডিয়া জোটের। আসন সমঝোতা নিয়ে আলোচনার এই বৈঠক শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে।
মঙ্গলবার JDU সভাপতি রাজীব রঞ্জন সিংয়ের ঘোষণা যে নীতীশ কুমার ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ, তা ইঙ্গিত দিয়েছে যে এই পদটি নিয়ে জোটের অন্দরে টানাটানি চলছে।
JDU-র পক্ষ থেকে যখন নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে তখন রাহুল গান্ধীর হয়ে জোরাল সওয়াল করছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই নরেন্দ্র মোদীর যোগ্য বিরোধী প্রার্থী হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।
AICC মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘প্রধানমন্ত্রী মুখ বেছে নেওয়া আমাদের অ্যাজেন্ডায় সবচেয়ে শেষে রয়েছে। আপাতত আমরা এই নিয়ে ভাবছি না। ইন্ডিয়া জোট তাদের মূল্য লক্ষ্যে সহমত। আমাদের উদ্দেশ্য ভারতের গণতন্ত্রকে রক্ষা করা। দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান, বেকারত্ব, মণিপুর হিংসা, আদানি দুর্নীতি এগুলোই আমাদের অ্যাজেন্ডায় তালিকাভুক্ত।’
DMK-র অর্গানাইজিং সেক্রেটারি আর এস ভারতী বলেন, ‘আমাদের দলের নেতা এম কে স্ট্যালিন বারবার একটি কথাই বলেছেন। ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য কেন্দ্র থেকে BJP-কে উৎখাত করা। আর কোনও বিষয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হতে পারে না।’
JDU নেতা রাজীব রঞ্জন সিং বলেন, ‘বিধায়ক এবং সাংসদ হিসেবে মানুষের সেবা করেছেন নীতীশ কুমার। রেল, কৃষি, পরিবহণ মন্ত্রক সামলেছেন। দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা আমাদের নেতার পোশাকে কেউ একটা দুর্নীতির কালিও ছেটাতে পারেনি। সততার সঙ্গে দেশের মানুষের সেবা করেছেন তিনি।’
আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে এখনই স্পষ্টতা নেই। তবে এই পদ নিয়ে জোটের অন্দরে টানাটানি চলছে, তা স্পষ্ট।