“আমি ফিরে আসব ওরা বুঝতে পারেনি”-গতিবিধির ওপর নজরদারি করছে সরকার’! বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকার তাঁর কনভয়ের গতিবিধির ওপর নজরদারি রাখতে জাতীয় সড়কে স্পিডোমিটার বসিয়েছিল। এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার উত্তর ২৪ পরগনায় একটি দলীয় কর্মসূচিতে যোগদানের জন্য জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের হলদিয়া মোড় পেরিয়ে বেশ খানিকটা পথ অতিক্রম করার পর বিশেষ কাজে তিনি ফিরে আসেন হলদিয়া মোড়ের কাছে। তখন তিনি দেখেন জাতীয় সড়কের কোলাঘাটে জাতীয় সড়কের পাশে স্পিডোমিটার পরীক্ষা করছেন পুলিশ কর্মচারীরা।

গাড়ি থেকে নেমেই এই স্পিডোমিটার নিয়ে একগুচ্ছ অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। শুভেন্দু বলেন, “বেশ কয়েক মাস আগে আমি যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগের সত্যতা প্রকাশ পেল। বিরোধী দলনেতার যানবাহনের গতিবিধির নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার স্পিডোমিটার যে ব্যবহার করছিল এটাই তার প্রমাণ। আমি চলে যাওয়ার পর ফিরে আসব ওরা বুঝতে পারেনি। আসলে রাজ্য সরকার বিরোধী দলনেতাকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করে চলেছে। কিন্তু, সম্পূর্ণটাই বিফলে পরিণত হয়।”

পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ

শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রশাসন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুক।” বিরোধী দলনেতা জাতীয় সড়কের ওপর বিভিন্ন বেআইনি বিষয়গুলিও তুলে ধরেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। সমস্তটাই দায়ভার চাপিয়ে দেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পুলিশ সুপার অমরনাথ কে-র উপর।

স্থানীয় প্রশাসনের বক্তব্য

স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে, নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখেই স্পিডোমিটার বসানো হয়েছিল। সাধারণ মানুষের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *