ISRO: সমুদ্রের অতলে যাচ্ছে দ্বীপের অংশ, গিলে খাবে শ্রীহরিকোটায় ইসরোর উৎক্ষেপণ কেন্দ্র ?

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গবেষণা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার অবস্থিত। কিন্তু সম্প্রতি এই কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সমুদ্র ক্রমাগত শ্রীহরিকোটার উপকূলকে গিলে খাচ্ছে।
গত চার বছরে শ্রীহরিকোটার উপকূলের ১০০ মিটার জমি সমুদ্রে বিলীন হয়ে গেছে। এতে উৎক্ষেপণ কেন্দ্রের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।
এই সমস্যা সমাধানে অন্ধ্র প্রদেশ রাজ্য উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভারতের মহাকাশ বন্দরে গ্রোইন নির্মাণের অনুমোদন দিয়েছে। গ্রোইন হল কৃত্রিমভাবে নির্মিত সমুদ্র ক্ষয় রোধে দেওয়াল বিশেষ।
ইসরো আধিকারিকদের মতে, গ্রোইন প্রকল্পটি বিজয়ওয়াড়ায় সাম্প্রতিক বৈঠকের সময় কর্তৃপক্ষের কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়েছে। প্রকল্পটিতে পাঁচটি গ্রোইন নির্মাণ করা হবে। এর মধ্যে ১০০ থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের দুই থেকে তিনটি বড় গ্রোইন নির্মিত হবে। ২৫-৩০ মিটার দৈর্ঘ্যের দুটি ছোটো গ্রোইন নির্মিত হবে। দ্বীপের উত্তরপ্রান্তে তৈরি করা হবে এগুলি।
গ্রোইন নির্মাণের ফলে সমুদ্র থেকে উৎক্ষেপণ কেন্দ্রকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে, প্রকল্পটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে তা এখনও জানা যায়নি।