মন্ত্রীর ছেলের নামে ধর্ষণের অভিযোগ করায় ‘শাস্তি’ পেলো তরুণী

মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক তরুণী। এর বদলে তাকেই জনসমক্ষে ‘শাস্তি’ দেওয়া হলো। ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে শনিবার এই ঘটনা ঘটেছে। দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই তরুণী। সে সময় তার মুখে কালির মতো এক ধরনের রাসায়নিক ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমন ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। ওই তরুণী এখন এমস-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ২৩ বছরের ওই তরুণী। সেই সূত্র ধরে শুক্রবার রোহিতকে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

তবে ধর্ষণের অভিযোগ থাকার পরেও রোহিতকে গ্রেফতার করা যায়নি। কারণ আগেই এই মামলায় রোহিতকে আগাম জামিন দিয়ে রেখেছিল আদালত। বিজেপির অভিযোগ, মন্ত্রীর ছেলে হওয়ায় মামলাটি চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবীয় এ ব্যাপারে একটি টুইট করে জানতে চেয়েছেন, এখন কংগ্রেসের দুই নেতা-নেত্রী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর দেখা নেই কেন?

বিজেপিশাসিত রাজ্য উত্তর প্রদেশে হওয়া একের পর এক ধর্ষণের ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধী সেখানে নির্যাতিতদের পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। অমিতের দাবি, এই ঘটনাও ধর্ষণের। আর এতে খোদ কংগ্রেসেরই মন্ত্রীর ছেলে অভিযুক্ত। তবে রাহুল বা প্রিয়াঙ্কা এখন নীরব কেন?

শনিবারের ওই ঘটনায় চিকিৎসাধীন তরুণীর মুখে কালি ছেটানোর ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। ২৩ বছরের ওই তরুণীকে গত এক বছর ধরে কংগ্রেসের মন্ত্রীপুত্র দিল্লি এবং রাজস্থানে বহু বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশকে তিনি জানিয়েছেন, রোহিত তাকে খুনের হুমকি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *